সাভার উপজেলা সেটেলমেন্ট অফিসে দুর্নীতি ও ঘুষের তথ্য অনুসন্ধানে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।
গতকাল রোববার (২১ ডিসেম্বর) সকালে সাভার মডেল থানার সামনে আয়োজিত মানববন্ধনে সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। বক্তারা বলেন, সরকারি প্রতিষ্ঠানের অনিয়ম তুলে ধরা সাংবাদিকদের দায়িত্ব। অথচ সেই দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করে উল্টো মামলা দেওয়া স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি।
মানববন্ধনে সাংবাদিকদের ওপর দমন-পীড়নের তীব্র নিন্দা জানানো হয়। সাংবাদিকতা সমাজের বাস্তব চিত্র তুলে ধরে। সত্য প্রকাশ বন্ধ করতেই পরিকল্পিতভাবে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে অভিযোগ ওঠে। বক্তারা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেন।
মানববন্ধন থেকে সাংবাদিকরা আগামী ৭২ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহার না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে এমন বার্তা দেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল থানার সামনের সড়ক প্রদক্ষিণ করে।
ঘটনার সূত্রপাত হয় গত ৮ ডিসেম্বর কয়েকজন টেলিভিশন সাংবাদিক সাভার উপজেলা সেটেলমেন্ট অফিসে ঘুষ ও দুর্নীতির অভিযোগে তথ্য সংগ্রহ করতে গেলে। অভিযোগ রয়েছে, এ সময় অফিসের দায়িত্বপ্রাপ্ত কয়েকজন কর্মকর্তা সাংবাদিকদের কাজে বাধা দেন এবং তাদের ওপর হামলা চালান। পরে ওই কর্মকর্তাদের একজন সাংবাদিকদের বিরুদ্ধেই সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা করেন।