সরাসরি টেলিভিশন সম্প্রচারের সময় এমন ঘটনা খুব কমই দেখা যায়। সাক্ষাৎকারের মাঝপথে হঠাৎ জরুরি বার্তা পেয়ে অনুষ্ঠান ছেড়ে হোয়াইট হাউসে যেতে হয় মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে।
গত বৃহস্পতিবার স্কাই নিউজের সঙ্গে সাক্ষাৎকার চলাকালে তাকে জানানো হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে অবিলম্বে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে দেখতে চাচ্ছেন। সাক্ষাৎকার চলাকালে হঠাৎ এক নারীকে বলতে শোনা যায়, “প্রেসিডেন্ট আপনাকে এখনই ডাকছেন।”
এরপর স্কট বেসেন্ট দ্রুত উঠে সাক্ষাৎকার কক্ষ ত্যাগ করেন। তিনি বের হয়ে যাওয়ার সময় অনুষ্ঠানটির উপস্থাপক উইলফ্রেট ফ্রস্ট বলেন, “শিগগিরই আপনার সঙ্গে আবার দেখা হবে, মিস্টার সেক্রেটারি।”
ট্রাম্পের এই জরুরি ডাকে সাড়া দিয়ে বেসেন্ট হোয়াইট হাউসে যাওয়ার পর প্রায় দুই ঘণ্টা বিরতির পর আবার অনুষ্ঠানটি শুরু করা হয়। তবে ওই বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে তখন তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।