Ridge Bangla

সহিংসতার শঙ্কায় ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সতর্কতা জারি

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বাংলাদেশে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় সতর্কতা জারি করেছে ঢাকাস্থ মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভের মাত্রা বাড়তে পারে- এমন আশঙ্কায় বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) প্রকাশিত এক নিরাপত্তা বার্তায় মার্কিন দূতাবাস জানায়, বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এই প্রেক্ষাপটে আগামী দিনগুলোতে রাজনৈতিক কর্মসূচি আরও ঘন ও তীব্র হতে পারে বলে সতর্ক করা হয়।

সতর্কবার্তায় উল্লেখ করা হয়, শান্তিপূর্ণ উদ্দেশ্যে শুরু হওয়া কর্মসূচিও যে কোনো সময় সহিংস রূপ নিতে পারে। তাই বড় ধরনের সমাবেশ, বিক্ষোভ কিংবা ভিড়পূর্ণ স্থান এড়িয়ে চলা এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া মার্কিন নাগরিকদের আশপাশের পরিস্থিতির প্রতি সচেতন থাকা, স্থানীয় গণমাধ্যম নিয়মিত অনুসরণ করা এবং যেকোনো ধরনের ভিড় থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে দূতাবাস।

জরুরি পরিস্থিতিতে ঢাকাস্থ মার্কিন দূতাবাস অথবা যুক্তরাষ্ট্রের কনস্যুলার অ্যাফেয়ার্স বিভাগের সঙ্গে যোগাযোগ করার কথা বলা হয়েছে। পাশাপাশি নিরাপত্তা সংক্রান্ত হালনাগাদ তথ্য পেতে দূতাবাসের পক্ষ থেকে স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রামে (এসটিইপি) নিবন্ধনের জন্য আহ্বান জানানো হয়েছে।

This post was viewed: 27

আরো পড়ুন