Ridge Bangla

সহনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মানবাধিকার সুরক্ষা, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা এবং সমাজে সহনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে প্রশাসনের সব স্তরে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথাও পুনর্ব্যক্ত করেছেন তিনি।

শুক্রবার (৬ মার্চ) বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিদেশি কূটনীতিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় মানবাধিকার রক্ষা এবং মতপ্রকাশের স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার এ বিষয়গুলো নিশ্চিত করতে বদ্ধপরিকর। পাশাপাশি দেশে সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের সংস্কৃতি জোরদার করতে সরকার কাজ করে যাচ্ছে।

বক্তব্যে তিনি প্রশাসনের সব পর্যায়ে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের কথা উল্লেখ করেন। দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতে প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

ইফতার মাহফিলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, চীন, ইরানসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং জাতিসংঘ ও ইউএনডিপির প্রতিনিধিরা অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রী কূটনীতিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

This post was viewed: 2

আরো পড়ুন