Ridge Bangla

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর বীর সদস্যদের স্মরণে ঢাকার সেনানিবাসের শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার সকালে প্রথমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদনের সময় তাদের প্রতি সম্মান জানাতে সামরিক বাহিনীর একটি চৌকস দল সালাম প্রদান করে।

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পর পৃথকভাবে নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। তারা মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, পুষ্পস্তবক অর্পণের পর প্রফেসর মুহাম্মদ ইউনূস শিখা অনির্বাণ চত্বরে স্থাপিত ভিজিটর বইতে স্বাক্ষর করেন এবং বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। সশস্ত্র বাহিনী দিবস প্রতি বছর ২১ নভেম্বর উদযাপিত হয়। ১৯৭১ সালের এই দিনে তিন বাহিনীর সম্মিলিত অভিযানের আনুষ্ঠানিক সূচনা ঘটে। দিনটি উপলক্ষে সারাদেশে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে, আর শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন ছিল দিনের আনুষ্ঠানিকতার প্রধান অংশ।

This post was viewed: 58

আরো পড়ুন