বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। শুক্রবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় তিনি গুলশানের বাসা থেকে সেনাকুঞ্জের উদ্দেশে রওনা হবেন।
এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান। তিনি জানান, “বিএনপি চেয়ারপারসন তার মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী এ অনুষ্ঠানে অংশ নেবেন।”
গত বছরও খালেদা জিয়া প্রথম প্রকাশ্য কর্মসূচি হিসেবে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এর আগে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সিলেট সফরের মাধ্যমে সর্বশেষ জনসমক্ষে হাজির ছিলেন তিনি।
বিএনপি সূত্রে জানা গেছে, এ বছর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অনুষ্ঠানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের একাধিক শীর্ষ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানটি দলের জন্য গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। খালেদা জিয়ার সেনাকুঞ্জে উপস্থিতি রাজনৈতিক মহলে নতুন দিক নির্দেশনা হিসেবে দেখা হচ্ছে।