অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমের প্রসার ঘটিয়ে একটি আত্মনির্ভরশীল ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তিনি বলেন, কৃষি, মৎস্য, পশুপালন, সঞ্চয় ও ঋণদান, কুটিরশিল্পসহ বিভিন্ন খাতে সমবায় কার্যক্রম পরিচালনা দেশের অর্থনৈতিক ভিত্তিকে আরও শক্তিশালী করবে।
শনিবার (১ নভেম্বর) ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে শুক্রবার (৩১ অক্টোবর) দেওয়া এক বাণীতে তিনি এ মন্তব্য করেন।
প্রধান উপদেষ্টা বলেন, ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’—এই প্রতিপাদ্য সামনে রেখে এ বছরের সমবায় দিবস উদযাপিত হচ্ছে জেনে তিনি আনন্দিত। তিনি সব সমবায়ী ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানান।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, দেশের উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য সামাজিক সম্পৃক্ততা অপরিহার্য। সমবায়ের অমিত সম্ভাবনাকে কাজে লাগিয়ে এই সম্পৃক্ততা নিশ্চিত করা সম্ভব। তিনি উল্লেখ করেন, সমবায় শুধু আর্থিক প্রতিষ্ঠান নয়, বরং সমাজের নানা সমস্যা সমাধানে এটি একটি কার্যকর সামাজিক আন্দোলন।
তিনি আরও বলেন, সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন, দক্ষ মানবসম্পদ তৈরি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে সমবায়ের বিকল্প নেই। অন্তর্বর্তী সরকার একটি ন্যায়ভিত্তিক ও টেকসই সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে সমবায়ের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।