Ridge Bangla

সনদ জালিয়াতি: তিন বিসিএস কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

সনদ জালিয়াতির মাধ্যমে সরকারি চাকরি গ্রহণের অভিযোগে তিনজন বিসিএস কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযুক্তদের মধ্যে বিসিএস ৩৮ ব্যাচের দুজন এবং ৪১ ব্যাচের একজন কর্মকর্তা রয়েছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয় থেকে এ বিষয়ে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন জানিয়েছেন।

দুদকের মামলার তালিকায় থাকা কর্মকর্তারা হলেন ৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডারের সঞ্জয় দাস (রেজি. নম্বর-০৮২৯৪৭), ৪১তম বিসিএস প্রশাসন ক্যাডারের সুকান্ত কুণ্ডু (রেজি. নম্বর-১১০৬৬২৯৬) এবং ৩৮তম বিসিএস পররাষ্ট্র ক্যাডারের আবু সালেহ মো. মুসা (রেজি. নম্বর-০৮২৮১৪)।

দুদক সূত্রে জানা যায়, অভিযুক্ত কর্মকর্তারা জালিয়াতির মাধ্যমে স্নাতক পরীক্ষার অবতীর্ণ সনদ তৈরি করে তা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) জমা দেন। ওই সনদের ভিত্তিতে তারা বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে সংশ্লিষ্ট ক্যাডারে নিয়োগ লাভ করেন। পরবর্তীতে সনদ যাচাইয়ের সময় দেখা যায়, আবেদনকালে দাখিল করা সনদগুলো ভুয়া ও জাল।

এ ঘটনায় দুদক বিধিমালা, ২০০৭-এর ১০(চ) বিধির আওতায় তাদের বিরুদ্ধে মামলা রুজু করার জন্য কমিশনের অনুমোদন দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরেই এসব কর্মকর্তার বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ ছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পিএসসির নিজস্ব তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ার পর বিষয়টি দুদকের কাছে পাঠানো হয়।

তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা প্রতারণামূলকভাবে স্নাতক পরীক্ষার অবতীর্ণ সনদ তৈরি করে বিসিএসে আবেদন করেছিলেন। যাচাই-বাছাই শেষে সেসব সনদ যে জাল, তা নিশ্চিত হওয়ায় এবার আইনি পদক্ষেপ নেওয়া হলো।

This post was viewed: 4

আরো পড়ুন