দীর্ঘদিনের প্রচলিত রীতি ভেঙে এবার বঙ্গভবনের বাইরে নতুন সরকারের শপথ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রথমবারের মতো নবগঠিত মন্ত্রিসভার সদস্যরা শপথ নিতে যাচ্ছেন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন। এর আগে একই দিন সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার।
মন্ত্রিপরিষদ বিভাগ ও সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, শপথ অনুষ্ঠান ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা গণমাধ্যমকে জানান, সকালে সংসদ সদস্যদের শপথ এবং বিকেলে নতুন সরকারের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাধারণত নতুন সরকারের শপথ অনুষ্ঠান বঙ্গভবনে অনুষ্ঠিত হয়ে থাকে। তবে এবার সেই রীতি থেকে সরে এসে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজনের উদ্যোগ নেওয়াকে তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী দল ইতোমধ্যে সরকার গঠনের প্রস্তুতি সম্পন্ন করেছে। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের মধ্য দিয়ে নতুন সংসদের কার্যক্রম শুরু হবে। এরপর মন্ত্রিসভার সদস্যরা শপথ নিলে আনুষ্ঠানিকভাবে নতুন সরকারের যাত্রা শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।