Ridge Bangla

সংসদ নির্বাচন ও গণভোট: ছাপা হচ্ছে ২৬ কোটি ব্যালট, ব্যয় ৪০ কোটি টাকা

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রায় ২৬ কোটি ব্যালট পেপার ছাপাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। দুই ধরনের ভোট একই দিনে অনুষ্ঠিত হওয়ায় ব্যালটের সংখ্যা দ্বিগুণ হলেও এর জন্য আলাদাভাবে কোনো কাগজ কিনতে হয়নি কমিশনকে।

বুধবার (২৮ জানুয়ারি) ইসির বাজেট শাখা সূত্রে এসব তথ্য জানা যায়।

ইসি জানায়, শুরুতে কেবল জাতীয় সংসদ নির্বাচনের জন্য ব্যালট ছাপানোর প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে শেষ সময়ে গণভোট অধ্যাদেশ জারি হওয়ায় একই দিনে গণভোট আয়োজনের সিদ্ধান্ত হয়। ফলে সংসদ নির্বাচন ও গণভোটের জন্য আলাদা ব্যালট পেপার ছাপানো হচ্ছে।

বাজেট শাখা জানায়, দুই নির্বাচন মিলিয়ে ব্যালট পেপার ছাপাতে মোট ৪০ কোটি টাকা ব্যয় হচ্ছে। তবে গণভোটের জন্য নতুন করে ব্যালট পেপার কেনা হয়নি। সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনের (ইউনিয়ন পরিষদ নির্বাচন ব্যতীত) জন্য আগে কেনা ব্যালট পেপারের একটি অংশ গণভোটে ব্যবহার করা হচ্ছে। ভবিষ্যতে স্থানীয় সরকার নির্বাচনের জন্য নতুন করে ব্যালট পেপার কেনা হবে।

ইসি জানায়, গণভোটের প্রচারে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থাকে আলাদা আলাদা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে এলজিইডি পেয়েছে সর্বোচ্চ ৭২ কোটি টাকা। এছাড়া সংস্কৃতি মন্ত্রণালয় পেয়েছে ৪৬ কোটি টাকা, ধর্ম মন্ত্রণালয় ৭ কোটি টাকা এবং তথ্য মন্ত্রণালয় ৪ কোটি ৭১ লাখ টাকা।

সমাজকল্যাণ মন্ত্রণালয় (৪ কোটি ৫২ লাখ) ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় (৪ কোটি ৩৪ লাখ) অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পাশাপাশি গণভোট প্রচারে ইসির জনসংযোগ শাখা ব্যয় করছে ৪ কোটি টাকা।

ইসির বাজেট শাখার তথ্যানুযায়ী, সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য মোট বরাদ্দ ধরা হয়েছে ৩ হাজার ১৫০ কোটি টাকা। এর মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য ব্যয় হবে প্রায় ১ হাজার ৪০০ কোটি টাকা, আর নির্বাচন পরিচালনায় ব্যয় ধরা হয়েছে ১ হাজার ২০০ কোটি টাকা। সব মিলিয়ে নির্বাচনী ব্যয় ছাড়িয়েছে ৩ হাজার কোটি টাকা।

এ বিষয়ে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ জানান, শুরুতে জাতীয় সংসদ নির্বাচনের জন্য অর্থ মন্ত্রণালয় ২ হাজার ৮০ কোটি টাকা বরাদ্দ দেয়। পরে সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট আয়োজনের সিদ্ধান্ত এলে অতিরিক্ত বাজেট চাওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে আরও ১ হাজার ৭০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। নির্ধারিত কিস্তির অর্থ সময়মতো নির্বাচন কমিশন পেয়েছে বলেও জানান তিনি।

This post was viewed: 25

আরো পড়ুন