Ridge Bangla

সংসদে জায়গা হয়নি ৪২ রাজনৈতিক দলের, জয় নেই একটি আসনেও

এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয় মোট ৫১টি রাজনৈতিক দল। এর মধ্যে ৪২টি রাজনৈতিক দল একটি আসনও জিততে পারেনি। এখন পর্যন্ত ২৯৭টি আসনের ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। তিনটি আসনের ফল স্থগিত রয়েছে, একটি আসনে প্রার্থীর মৃত্যুর কারণে ভোটগ্রহণ স্থগিত হয়েছে এবং দুটি আসন আইনি জটিলতায় রয়েছে।

ঘোষিত ফল বিশ্লেষণে দেখা যায়, ছোট ও মাঝারি আকারের দলগুলোর বড় ধরনের ভরাডুবি হয়েছে। ৫১টি দলের মধ্যে মাত্র ৯টি দল সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পেরেছে।

সবচেয়ে বেশি ২০৯টি আসন পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। ১১ দলীয় জোটভুক্ত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৬টি আসন।

এ ছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে ২টি আসন। একটি আসন করে পেয়েছে ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি, গণসংহতি আন্দোলন এবং খেলাফত মজলিস। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন ৭টি আসনে।

নির্বাচন কমিশনের তথ্যমতে, দলীয় প্রতীকে মোট ১ হাজার ৭৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাদের মধ্যে ৬৩ জন নারী এবং ১ হাজার ৬৯২ জন পুরুষ। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী ছিলেন ২৭৩ জন, এর মধ্যে ২০ জন নারী ও ২৫৩ জন পুরুষ।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, কিছু দল শতাধিক আসনে প্রার্থী দিলেও শেষ পর্যন্ত কোনো আসনেই জয় পায়নি।

যেসব দল শূন্য হাতে ফিরেছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো লিবারেল ডেমোক্রেটিক পার্টি, জাতীয় পার্টি, কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ, গণতন্ত্রী পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), জাকের পার্টি, সমাজতান্ত্রিক পার্টি অব বাংলাদেশ, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, গণফোরাম, গণফ্রন্ট, বাংলাদেশ ন্যাপ ও ইসলামী ফ্রন্ট বাংলাদেশ।

এ ছাড়া বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, জাগপা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বিএনএফ, এনডিএম, বাংলাদেশ কংগ্রেস, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, বাংলাদেশ জাসদ, বাংলাদেশ সুপ্রিম পার্টি, এবি পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বিএমজেপি, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ রিপাবলিক পার্টি, সমাজতান্ত্রিক পার্টি অব বাংলাদেশ (মার্কসবাদী), জনতা দল, আম জনতা দল, বাংলাদেশ সমঅধিকার পার্টি ও বাংলাদেশ নিজামে ইসলাম পার্টিও কোনো আসনে জয় আনতে পারেনি।

সব মিলিয়ে এবারের নির্বাচনে বড় দলগুলোর শক্ত অবস্থানের বিপরীতে অধিকাংশ ছোট দলের জন্য ফলাফল হয়েছে হতাশাজনক।

This post was viewed: 5

আরো পড়ুন