নির্বাচন প্রক্রিয়া আরও সুষ্ঠু ও কার্যকর করতে ‘রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার (আরপিও) সংশোধনী বিল-২০২৬’সহ তিনটি গুরুত্বপূর্ণ বিল জাতীয় সংসদে পাস হয়েছে। সোমবার (৬ এপ্রিল) স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে কণ্ঠভোটে বিলগুলো অনুমোদন পায়।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান বিলগুলো উত্থাপন করেন। আরপিওর ২৭, ৩৭, ৩৯, ৮৯ ও ৯১ অনুচ্ছেদ সংশোধনের পাশাপাশি ভোটার তালিকা সংশোধন এবং নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন-সংক্রান্ত বিলও পাস করা হয়।
নতুন আইনে পোস্টাল ব্যালট পেপার ব্যবহারের বিষয়টি স্পষ্ট করা হয়েছে এবং নির্বাচনকালীন নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় বিধান সংযোজন করা হয়েছে। এছাড়া ভোটার হওয়ার নির্ধারিত তারিখ জানুয়ারির ১ তারিখের পাশাপাশি নির্বাচন কমিশনকে প্রয়োজনে অন্য কোনো তারিখ নির্ধারণের ক্ষমতাও দেওয়া হয়েছে।
এর আগে বিলের কিছু ধারা নিয়ে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান আপত্তি তুললে ডেপুটি স্পিকার ও আইনমন্ত্রীর মধ্যে সংক্ষিপ্ত আলোচনা হয়।