Ridge Bangla

সংলাপের দ্বিতীয় দিন: গণফোরামসহ ১২ দলের সঙ্গে আজ ইসির বৈঠক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ চালিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এই উদ্যোগের অংশ হিসেবে সংলাপের দ্বিতীয় দিনে আজ রোববার ১২টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময়ে বসবে ইসি। এর আগে গত বৃহস্পতিবার প্রথম দফায় দুই পর্বে আরও ১২টি দলের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়।

ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক আশাদুল হক জানান, রোববার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রথম পর্বে গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) এবং বাংলাদেশ জাতীয় পার্টির প্রতিনিধিরা সংলাপে অংশ নেবেন।

দ্বিতীয় পর্বে বিকেল ২টা থেকে ৪টা পর্যন্ত আলোচনা হবে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ, তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে।

বর্তমানে দেশে বিএনপি ও জামায়াতসহ নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে মোট ৫৩টি। তবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। এছাড়া প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি), ফ্রিডম পার্টি ও ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের নিবন্ধন বাতিল করা হয়েছে।

ইসি সূত্র জানায়, নতুন তিনটি দল- জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ আমজনগণ পার্টি এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)- নিবন্ধন পেতে প্রয়োজনীয় প্রক্রিয়ার প্রায় শেষ ধাপে রয়েছে। আপত্তি না থাকলে ১২ নভেম্বরের পর তাদের নিবন্ধন সনদ দেওয়ার কথা রয়েছে।

This post was viewed: 28

আরো পড়ুন