রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বর্তমানে অত্যন্ত জটিল ও সংকটময় সময় পার করছেন বলে জানিয়েছেন তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। একই সঙ্গে তিনি খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ডা. জাহিদ এসব তথ্য জানান। তিনি বলেন, হাসপাতালে ভর্তি হওয়ার পর খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটে। প্রথমে কেবিনে চিকিৎসা শুরু হলেও পরবর্তীতে তাঁকে সিসিইউ এবং বর্তমানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে- এমনটি বলা যাচ্ছে না; বরং তিনি এখনো সংকটাপন্ন অবস্থায় রয়েছেন।
ডা. জাহিদ বলেন, চিকিৎসা ও মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে যদি তিনি এই সংকট কাটিয়ে উঠতে পারেন, তবেই সামনে ভালো কিছুর আশা করা যেতে পারে। তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া অব্যাহত রাখার আহ্বান জানান। এর আগে শনিবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান। তারা দীর্ঘ সময় মায়ের শয্যাপাশে অবস্থান করেন বলে জানান ডা. জাহিদ।