Ridge Bangla

শ্রীপুরে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল

গাজীপুরের শ্রীপুরে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে পড়ায় ঢাকা–ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। শনিবার (৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীপুর উপজেলার সাতখামাইর এলাকার কাছাকাছি এ ঘটনা ঘটে। ইঞ্জিন থেকে হঠাৎ জ্বালানি তেল ও মবিল বের হয়ে পড়লে ট্রেনটি থেমে যায়।

যাত্রীদের বরাতে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেন শ্রীপুরের কাওরাইদ স্টেশনে পৌঁছে স্বাভাবিক বিরতি নেয়। স্টেশন ছাড়ার পরপরই ইঞ্জিনে বিকট শব্দ শোনা যায়। শব্দের সঙ্গে সঙ্গে ট্রেনের গতি কমে আসে এবং সামনের দিক থেকে ছিটকে আসা মবিল কয়েকজন যাত্রীর গায়ে পড়ে। এতে আতঙ্ক সৃষ্টি হলে যাত্রীরা দ্রুত ট্রেন থেকে নেমে নিরাপদ স্থানে সরে যান।

খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি থেকেই জ্বালানি লিক ও শব্দের ঘটনা ঘটে। তবে সঠিক কারণ নির্ণয়ে রেলওয়ের প্রকৌশল বিভাগ তদন্ত শুরু করেছে।

ইঞ্জিন বিকল হয়ে পড়ায় ঢাকা–ময়মনসিংহ গুরুত্বপূর্ণ রেলরুটে সব ধরনের ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে। এতে রুটটিতে কয়েকটি ট্রেন আটকে পড়েছে এবং যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। ইঞ্জিন মেরামত বা বিকল্প ইঞ্জিন সংযোজনের পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

This post was viewed: 20

আরো পড়ুন