Ridge Bangla

শেখ হাসিনার রায়কে ঘিরে ঈদগাহ মাঠে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায়ের দিন (১৩ নভেম্বর) ঘিরে সুপ্রিম কোর্ট এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ প্রেক্ষাপটে জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ।

রোববার (৯ নভেম্বর) সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) ড. মো. আতিকুস সামাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সুপ্রিম কোর্ট হলো দেশের বিচার ব্যবস্থার সর্বোচ্চ প্রতিষ্ঠান। এখানেই প্রধান বিচারপতি ও দুই বিভাগের বিচারপতিরা বিচার কার্য পরিচালনা করেন। এর পাশাপাশি এই আদালতে রয়েছে দেশের বহু আলোচিত ও গুরুত্বপূর্ণ মামলার নথিসহ লাখো মামলার নথিপত্র।

সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, সুপ্রিম কোর্টের মালিকানাধীন জাতীয় ঈদগাহ মাঠ এবং প্রধান বিচারপতির ব্যবহৃত মূল ফটকের পাশের ফোয়ারা এলাকায় অচেনা ও বহিরাগত ব্যক্তিদের উপস্থিতি বেড়েছে। এই অপ্রত্যাশিত আনাগোনা সুপ্রিম কোর্ট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও সুপ্রিম কোর্ট বার ভবনের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

এর ফলে নিরাপত্তা বিবেচনায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট কম্পাউন্ড, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই নির্দেশনা কার্যকর করা হয়েছে।

This post was viewed: 37

আরো পড়ুন