আগামী ১৩ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে কোনো উদ্বেগ বা আশঙ্কা নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোহাম্মদ মনোয়ার হোসাইন তামিম।
রোববার (৯ নভেম্বর) ট্রাইব্যুনাল ভবনের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন, শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণা নিয়ে কোনো উদ্বেগ নেই। ১৩ নভেম্বর রায় ঘোষণা করা হবে না, বরং সেদিন রায় ঘোষণার দিন নির্ধারণ করা হবে।
তিনি আরও বলেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো মামলার শুনানি শেষ হলে সাধারণত ‘অপেক্ষমান’ হিসেবে রাখা হয়। এবারও একই প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। বাইরে থেকে কেউ কেউ না বুঝে রায় ঘোষণা হবে বলে মন্তব্য করছেন—আজ আমরা বিষয়টি স্পষ্ট করলাম।”
আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি ও উত্তপ্ত পরিস্থিতি নিয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো তাদের কর্মসূচি পালন করতে পারে। আইনশৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর। প্রসিকিউশনের সঙ্গে এসবের কোনো সম্পর্ক নেই। আমরা কোনো বাড়তি চাপও অনুভব করছি না।
প্রসিকিউটর তামিম আরও বলেন, আমাদের দায়িত্ব হলো অভিযোগ প্রমাণ করা, সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করা ও যুক্তিতর্ক দেওয়া। রায় দেওয়া ট্রাইব্যুনালের এখতিয়ার।
উল্লেখ্য, ১৩ নভেম্বর শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের মামলায় রায় ঘোষণার দিন নির্ধারণ করা হবে। ওই দিনকে ঘিরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ রাজধানীতে লকডাউনের ঘোষণা দিয়েছে।