ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার একদিন পর পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শেখ হাসিনাকে আইন অনুযায়ী প্রত্যর্পণের বিষয়ে ভারত সরকারের কাছে দাবি জানানো হয়েছে। এটি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আলোচনার বিষয় বলেও উল্লেখ করেন তিনি।
সালাহউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং প্রসিকিউশন টিম শিগগিরই দলটির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করবে বলে আশা করা হচ্ছে। তিনি দাবি করেন, সাম্প্রতিক নির্বাচনে জনগণ তাদের অবস্থান স্পষ্ট করেছে এবং অতীত কর্মকাণ্ডের জন্য সংশ্লিষ্টদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে।
এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে তাদের মতামত প্রকাশ করেছে। আওয়ামী লীগের কর্মকাণ্ড সম্পর্কে দেশের মানুষ অবগত রয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির এই সিনিয়র নেতা।
সালাহউদ্দিন আহমেদ বলেন, প্রতিবেশী দেশসহ বিশ্বের সব দেশের সঙ্গে সমতা, আত্মমর্যাদা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় বিএনপি। এজন্য কূটনৈতিকভাবে সব প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।