দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন অবশেষে ঘোষণা দিলো তাদের বিখ্যাত গান ‘এই অবেলায়’-এর সিকুয়েল ‘এই অবেলায় ২’। এটি ব্যান্ডের আসন্ন অ্যালবাম ‘বাতিঘর’-এর সমাপ্তি গান হিসেবে প্রকাশ পাবে বলে জানিয়েছেন দলনেতা জিয়াউর রহমান জিয়া।
তিনি জানান, আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে গানটি মুক্তি পাবে। এর মিউজিক ভিডিও ধারণ করা হয়েছে থাইল্যান্ডের মনোরম ও দৃষ্টিনন্দন বিভিন্ন লোকেশনে। ভিডিওটির প্রযোজনায় সহযোগিতা করেছে দেশের শীর্ষস্থানীয় স্থাপনা নির্মাণ প্রতিষ্ঠান দি প্রিমিয়াম হোমস লিমিটেড।
গানটি একই দিনে বাংলা ও ইংরেজি দুই ভাষার ভার্সনেই প্রকাশ পাবে। গানটির কথা লিখেছেন জিয়াউর রহমান, সুর ও মিউজিক ভিডিও পরিচালনা করেছেন কাজী আহমেদ শাফিন। ভিডিওটিতে মডেল হিসেবে রয়েছেন জনপ্রিয় উপস্থাপিকা ও অভিনেত্রী নীল হুরেরজাহান। এছাড়া কিছু দৃশ্যে অভিনেতা তৌসিফ মাহবুবকে স্থিরচিত্রে দেখা যাবে।
ইতোমধ্যে গানটির অফিসিয়াল টিজার প্রকাশিত হয়েছে শিরোনামহীনের ইউটিউব চ্যানেলে, যা ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।
‘এই অবেলায় ২’-এর ঘোষণার পাশাপাশি ব্যান্ডটি ভক্তদের জন্য আরও দুটি সুখবর দিয়েছে। এর মধ্যে প্রথমটি হলো, ‘বাতিঘর’ অ্যালবামের নবম গান ‘ক্লান্ত কফিশপ’ মুক্তি পাচ্ছে সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায়। গানটির কথা ও সুর করেছেন ব্যান্ডের সদস্য শেখ ইশতিয়াক, যা তার প্রথম একক সঙ্গীত নির্মাণ কাজ।
দ্বিতীয় সুসংবাদটি হলো, ‘ক্লান্ত কফিশপ’ প্রকাশের পরই শিরোনামহীনের সদস্যরা প্রথমবারের মতো কানাডা সফরে যাচ্ছেন। টরন্টোসহ বিভিন্ন শহরে পারফর্ম করে তারা ৬ নভেম্বর দেশে ফিরবেন।