Ridge Bangla

শিক্ষক হওয়ার জন্য বিশেষ প্রশিক্ষণ ও বাধ্যতামূলক লাইসেন্স চালুর পরিকল্পনা সরকারের

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের জন্য নতুন নিয়ম চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেন, অনেক দেশের মতো ভবিষ্যতে প্রাথমিক শিক্ষক হতে বিশেষ প্রশিক্ষণ ও লাইসেন্স বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়ার আশ্বাসও দেন তিনি।

তিনি বলেন, নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীরা নতুন বই পাবে। ইতিমধ্যে সব বই হাতে পৌঁছেছে এবং সেগুলো জেলা পর্যায়ে পাঠানো হচ্ছে।

ময়মনসিংহে জাতীয় প্রাথমিক শিক্ষা অ্যাকাডেমি (নেপ) কার্যালয়ে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, ইনস্ট্রাক্টর ও নেপের সহকারী বিশেষজ্ঞদের বনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠান শেষে এসব কথা জানান উপদেষ্টা।

গণশিক্ষা উপদেষ্টা বলেন, যে দেশগুলো শিক্ষায় ভালো করছে, সেখানে প্রাথমিক শিক্ষক হওয়ার জন্য বিশেষ প্রশিক্ষণ ও জ্ঞানের প্রয়োজন হয় এবং লাইসেন্স নিতে হয়। প্রাথমিক শিক্ষকদের আন্দোলন ও ১১তম গ্রেড প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে বেতন কমিশন রয়েছে এবং তারাই বিষয়টি নির্ধারণ করবে।

তিনি আরও বলেন, সিদ্ধান্তের সঙ্গে জড়িত সবার সঙ্গে কথা বলা হয়েছে, যেন এটি কার্যকর করা যায়। আশা করা যায়, এটি বাস্তবায়ন হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেপের মহাপরিচালক ফরিদ আহমদ।

This post was viewed: 31

আরো পড়ুন