যশোরের শার্শা উপজেলায় একটি কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ছয়টি শক্তিশালী ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। রোববার ১৬ নভেম্বর বেলা ১টার দিকে উপজেলার গোগা ইউনিয়নের গোগা বাগান পাড়া এলাকায় এই বিস্ফোরক সদৃশ্য বস্তুগুলো পাওয়া যায়। স্থানীয় বাসিন্দা মোজাম্মেল হক তার পিতার কবর জিয়ারতের জন্য বাগানে গেলে কবরের মধ্যে দুটি বালতিতে লাল স্কচটেপে মোড়ানো সন্দেহজনক বস্তু দেখতে পান। পরে তিনি বিষয়টি শার্শা থানায় জানান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবিলম্বে তদন্ত শুরু করে এবং কবরের ভেতর থেকে ছয়টি ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার করে। পুলিশ জানায়, উদ্ধারকৃত বোমাগুলো অত্যন্ত শক্তিশালী এবং সেগুলো নিরাপদভাবে নিষ্ক্রিয় করা হয়েছে। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল আলিম জানিয়েছেন, উদ্ধারকৃত ককটেলগুলোর প্রকৃতি ও প্রস্তুতকারকের তথ্য জানতে তদন্ত শুরু হয়েছে। যারা এ ঘটনায় জড়িত তাদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, নিরাপত্তা নিশ্চিত করতে আশেপাশের এলাকা জোরদার নজরদারির আওতায় রাখা হয়েছে এবং স্থানীয়দের সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়েছে।