পুতিনের বাসভবনে হামলার দাবি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়ানোর লক্ষ্যে করা হয়েছে বলে মনে করছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ কূটনীতিক কাজা কালাস। তিনি বলেন, ইউক্রেন রাশিয়ার সরকারি স্থাপনায় হামলা চালিয়েছে- মস্কোর এমন দাবি ইচ্ছাকৃত বিভ্রান্তি ও শান্তি প্রক্রিয়া নস্যাৎ করার চেষ্টার অংশ।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, আগ্রাসনকারী রাষ্ট্রের ভিত্তিহীন অভিযোগ গ্রহণযোগ্য হতে পারে না, বিশেষত যে রাষ্ট্র নির্বিচারে ইউক্রেনের অবকাঠামো ও বেসামরিক জনগণকে লক্ষ্যবস্তু বানিয়েছে।
এর আগে রাশিয়া অভিযোগ করে জানায়, ইউক্রেন উত্তর-পশ্চিম রাশিয়ার লেক ভালদাই এলাকায় অবস্থিত প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি ব্যক্তিগত বাসভবনে ড্রোন হামলার চেষ্টা চালিয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতেই নিজের মত তুলে ধরেন ওই কূটনীতিক। ক্রেমলিন জানিয়েছে, এ ঘটনার জেরে চলমান শান্তি আলোচনায় তাদের অবস্থান পুনর্বিবেচনা করা হবে।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এই অভিযোগ তোলার পর থেকেই রাষ্ট্রীয় গণমাধ্যম ও রাজনীতিকদের বক্তব্য আরও উসকানিমূলক হয়ে উঠেছে। সংসদের প্রতিরক্ষা কমিটির প্রধান আন্দ্রেই কার্তাপোলভ একে “রাশিয়ার হৃদয়ে আঘাত” বলে অভিহিত করেন।
বুধবার রুশ সেনাবাহিনী যে ভিডিও ও মানচিত্র প্রকাশ করেছে, সেগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। বিশেষজ্ঞদের মতে, প্রদর্শিত ড্রোনের যন্ত্রাংশ সহজলভ্য হওয়ায় তা নিশ্চিতভাবে ইউক্রেনীয় সামরিক বাহিনীর বলে প্রমাণ করা যাচ্ছে না।