ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স’-এ যুক্ত হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের অফিসিয়াল ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে বিষয়টি ঘোষণা করা হয়। পোস্টের ক্যাপশনে উল্লেখ করা হয়েছে, দশকের অন্যতম প্রতীক্ষিত বাংলা চলচ্চিত্রে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন ফারিণ। ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের সঙ্গে নতুন যাত্রা শুরু।
ঘোষণার সঙ্গে প্রকাশিত ছবিতে প্রযোজক শিরিন সুলতানার সঙ্গে ক্যামেরাবন্দি দেখা যায় তাসনিয়া ফারিণকে। নিজের সোশ্যাল মিডিয়ায় ছবিটি শেয়ার করে তিনি লিখেছেন, “হৃদয় ভরে গেছে, আমি প্রিন্স-এর জন্য প্রস্তুত।”
তাসনিয়া ফারিণের অভিনয়ের মাধ্যমে প্রিন্স সিনেমায় নতুন রসায়ন যোগ হবে বলে মনে করছেন চলচ্চিত্রপ্রেমীরা। যদিও শাকিবের বিপরীতে প্রধান নায়িকা হিসেবে ফারিণ থাকবেন কি না, তা এখনো স্পষ্ট করা হয়নি।
সিনেমাটির পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। গল্প ও চিত্রনাট্য করেছেন মেজবাহ উদ্দিন সুমন, যাঁর সঙ্গে যুক্ত ছিলেন মোহাম্মদ নাজিম উদ্দিন। নির্মাতারা জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরেই সিনেমাটি বড়পর্দায় মুক্তি পাবে। চলচ্চিত্রটির জন্য শাকিব-ফারিণ জুটির রসায়ন এবং গল্পের নতুন অধ্যায়ের অপেক্ষায় রয়েছে দর্শকরা।