ঝালকাঠি জেলার নলছিটির ঐতিহ্যবাহী লঞ্চঘাটটি শহীদ শরিফ ওসমান হাদির নামে নামকরণ করা হয়েছে। নৌ-পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন এ সিদ্ধান্ত বাস্তবায়ন করেন।
শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে নলছিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে নামফলক উন্মোচন করেন নৌ-পরিবহন উপদেষ্টা। এ সময় তিনি শহীদ শরিফ ওসমান হাদির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
ফলক উন্মোচনকালে ড. সাখাওয়াত হোসেন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা, প্রতিবাদী তারুণ্যের প্রতীক এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে তার নামে নলছিটির ঐতিহ্যবাহী লঞ্চঘাটটির নামকরণ করতে পেরে আমি গর্বিত। তিনি শুধু নলছিটির কৃতি সন্তানই নন, তিনি ছিলেন দেশ ও জনগণের জন্য আত্মত্যাগকারী এক সাহসী সন্তান। তাঁর নামানুসারে এই লঞ্চঘাটের নামকরণ ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেম, সাহস ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ করবে।
নৌ-পরিবহন উপদেষ্টা আরও বলেন, বর্তমান সরকার প্রান্তিক, উপকূলীয় ও দুর্গম দ্বীপাঞ্চলের মানুষকে উন্নয়নের মূলধারায় যুক্ত করতে নৌযোগাযোগ অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে। নদীমাতৃক বাংলাদেশের সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের প্রতিটি অঞ্চলের সমান উন্নয়ন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
তিনি জানান, প্রান্তিক ও উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নৌখাতভিত্তিক অবকাঠামো উন্নয়ন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি নদীপথে নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।