বিশাল ভরদ্বাজ পরিচালিত ও শহিদ কাপুর অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ও রোমিও’ মুক্তির আগেই আইনি জটিলতায় পড়েছে। টিজার প্রকাশের পর দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হলেও, সিনেমার গল্প আশি–নব্বইয়ের দশকের কুখ্যাত গ্যাংস্টার হুসেন উস্তরার জীবনের সঙ্গে মিল রয়েছে এই অভিযোগে তার কন্যা সনোবর নির্মাতাদের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন।
সিনেমায় হুসেন উস্তরার চরিত্র উপস্থাপনাকে কেন্দ্র করে অভিযোগ উঠেছে যে এতে তাঁর পরিবারের সম্মান ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ অভিযোগে প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার কাছে সনোবর ২ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় আড়াই কোটির বেশি) ক্ষতিপূরণ দাবি করেছেন এবং তাঁর অনুমতি ছাড়া সিনেমাটি মুক্তি না দেওয়ার দাবিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
কয়েক বছর আগে হুসেন উস্তরার জীবন নিয়ে বিশাল ভরদ্বাজ একটি চিত্রনাট্য তৈরি করলেও, ‘ও রোমিও’ সেই চিত্রনাট্যভিত্তিক কি না- এ বিষয়ে আনুষ্ঠানিক নিশ্চিতকরণ নেই। তবে সিনেমার টিজারে জানানো হয়েছে, এটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত।
এ ছবিতে শহিদ কাপুর একজন ভাড়াটে খুনির চরিত্রে অভিনয় করেছেন, যে আফশা নামের এক নারীর প্রেমে পড়ে; চরিত্রটি করেছেন তৃপ্তি দিমরি। শাহিদের রূঢ় ও নৃশংস লুক দর্শকের দৃষ্টি কেড়েছে, আর চরিত্রের প্রয়োজনে তিনি পুরো শরীরে অস্থায়ী উল্কি করিয়েছেন।
‘ও রোমিও’ সিনেমায় তামান্না ভাটিয়া, বিক্রান্ত ম্যাসি, অবিনাশ তিওয়ারি ও নানা পটেকর অভিনয় করেছেন। সবকিছু ঠিক থাকলে সিনেমাটি আগামী ১৩ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা থাকলেও চলমান আইনি জটিলতা মুক্তিতে প্রভাব ফেলবে কি না, তা নিয়ে দর্শকদের মধ্যে অনিশ্চয়তা রয়েছে।