Ridge Bangla

শরীয়তপুরের নারী কেলেঙ্কারির ঘটনায় বিতর্কিত ডিসি আশরাফ উদ্দিন ওএসডি

এক নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরালের ঘটনায় শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশরাফ উদ্দিনকে অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) হিসেবে পদায়ন করেছে সরকার। শনিবার (২১ জুন) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। যদিও প্রজ্ঞাপনে তাকে ওএসডি করার কারণ নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি।

এর আগে শুক্রবার সকালে এক প্রবাসী সাংবাদিক সামাজিক যোগাযোগমাধ্যমে ৫৭ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে ওই ডিসিকে এক নারীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। ভিডিওটি প্রকাশের পর থেকেই প্রশাসনের ভেতর ও শরীয়তপুর জুড়ে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা। স্থানীয়ভাবে অভিযোগ উঠেছে, ওই নারীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে জেলা প্রশাসক তার সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন এবং ভিডিও কলের মাধ্যমে আপত্তিকর কনটেন্টও দেখান।

টেলিগ্রামে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, খোলা শার্টে থাকা একজন পুরুষ এক নারীর সঙ্গে অসংযত আচরণ করছেন, যাকে শরীয়তপুরের ডিসি আশরাফ উদ্দিন বলে দাবি করা হয়েছে। বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, ভিডিওটির সত্যতা তারা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে আশরাফ উদ্দিন কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তিনি ২৭তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা এবং ২০২৪ সালের ৩ নভেম্বর শরীয়তপুরে জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছিলেন।

এই ঘটনায় প্রশাসনিক শৃঙ্খলা ও কর্মকর্তাদের নৈতিকতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্তে প্রশাসনিক মহলে আলোচনা তুঙ্গে উঠেছে, যেখানে অনেকেই দ্রুত ব্যবস্থা নেওয়ার পক্ষে মত দিয়েছেন।

This post was viewed: 32

আরো পড়ুন