ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকা ত্যাগ করে।
প্রায় একই দিন বেলা ১১টা ২২ মিনিটে সিঙ্গাপুর থেকে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, দুই দিন ধরে সরকারের পক্ষ থেকে সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার বিভিন্ন হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দল এবং পরিবারের সঙ্গে আলোচনা শেষে প্রধান উপদেষ্টা ওসমান হাদিকে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত দেন।
প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান জানান, হাদির শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। প্রেস উইং আরও জানিয়েছে, সিঙ্গাপুরে চিকিৎসার জন্য প্রয়োজনীয় মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল ও ভ্রমণ সংক্রান্ত সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। হাদির চিকিৎসা ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে এবং তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখা হবে। প্রধান উপদেষ্টা দেশবাসীর কাছে হাদির দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে মোটরসাইকেলে আসা দুই সন্ত্রাসী ওসমান হাদির মাথায় গুলি চালায়। গুরুতর অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।