পবিত্র শবে-ই বরাত উপলক্ষে ঢাকা মহানগরীতে আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানোসহ সব ধরনের বিস্ফোরক দ্রব্যের ব্যবহার নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শবে বরাতের ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখা এবং নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দিবাগত রাতে সারাদেশে ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পবিত্র শবে বরাত পালিত হবে। এ উপলক্ষে রাজধানীতে যাতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে লক্ষ্যেই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ডিএমপি জানায়, ডিএমপি অর্ডিন্যান্স, ১৯৭৬-এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে ৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে ৪ ফেব্রুয়ারি সকাল ৬টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এ সময়ের মধ্যে সব ধরনের আতশবাজি ও পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো ছাড়াও বিস্ফোরক দ্রব্যের ক্রয়-বিক্রয়, পরিবহন ও ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।