সাপ্তাহিক ছুটির দিন হলেও আগামী ২৭ ডিসেম্বর শনিবার সারা দেশে সব তফসিলি ব্যাংকের শাখা খোলা থাকবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) অনুরোধের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার জারি করা এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক জানায়, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় জামানত অর্থ এবং ভোটার তালিকার সিডি কেনার সুবিধার্থে ওই দিন ব্যাংকিং কার্যক্রম চালু থাকবে। প্রার্থীরা ব্যাংক ড্রাফট, পে-অর্ডার অথবা ট্রেজারি চালানের মাধ্যমে প্রয়োজনীয় অর্থ জমা দিতে পারবেন।
বাংলাদেশ ব্যাংক আরও জানায়, তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৯ ডিসেম্বর। এর আগে ২৫ ডিসেম্বর বড়দিনের সরকারি ছুটি এবং ২৬ ও ২৭ ডিসেম্বর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা তিন দিন ব্যাংক বন্ধ থাকার সম্ভাবনা ছিল। এতে প্রার্থীদের মনোনয়ন দাখিলে জটিলতা সৃষ্টি হতে পারে এমন আশঙ্কা থেকে শনিবার ব্যাংক খোলা রাখার জন্য ইসি কেন্দ্রীয় ব্যাংককে চিঠি দেয়।
এ সিদ্ধান্তের ফলে প্রার্থীরা সময়মতো প্রয়োজনীয় আর্থিক লেনদেন সম্পন্ন করতে পারবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ছুটির দিনে ব্যাংক খোলা রাখার ক্ষেত্রে শাখাগুলোর পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিদ্যমান নীতিমালা অনুযায়ী অতিরিক্ত ভাতা প্রদান করা হবে।
উল্লেখ্য, বিশেষ প্রয়োজনে এর আগেও ছুটির দিনে ব্যাংক খোলা রাখার নজির রয়েছে। বিশেষ করে ঈদের আগে তৈরি পোশাক খাতের শ্রমিকদের বেতন পরিশোধ বা পশুর হাটে বিক্রেতাদের অর্থ জমার সুবিধার্থে বাংলাদেশ ব্যাংক এ ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকে।