জুলাই গণঅভ্যুত্থানে লুট হওয়া অস্ত্রের প্রায় ৬২ শতাংশ এবং গোলাবারুদের ৫২ শতাংশ সেনাবাহিনী উদ্ধার করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তাবিষয়ক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
প্রেস সচিব শফিকুল আলম জানান, নির্বাচনে দায়িত্ব পালন করবেন ৬৫৭ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও এক হাজার ৪৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ২৫ হাজার ৫০০ পুলিশের বডি ক্যামেরা, ৫০০ ড্রোন এবং ৫০টি ডগ স্কোয়াড মোতায়েন থাকবে।
নির্বাচনে রেকর্ড পরিমাণ ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবে। এর মধ্যে রয়েছে এক লাখ সেনাসদস্য, ১৫ হাজার নৌবাহিনী, ৩ হাজার ৭৩০ কোস্টগার্ড, দেড় লাখ পুলিশ ও প্রায় ৮ হাজার র্যাব সদস্য। নির্বাচনে এবার ফায়ার সার্ভিসও সরাসরি যুক্ত থাকবে।
শফিকুল আলম আরও জানান, সশস্ত্র বাহিনীর সদস্যরা জেলা প্রশাসকের অধীনে কাজ করবেন। ভোটকেন্দ্রের আশপাশে ড্রোন উড়ানোর ওপর বিধিনিষেধ থাকবে। নির্বাচনের দিন শতভাগ বিদ্যুৎ ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট ব্যবস্থা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, দ্বৈত নাগরিকত্ব বিষয়টি সরকারের বিষয় নয়, এটি নির্বাচন কমিশনের সিদ্ধান্তাধীন। এছাড়া নির্বাচনের সময় সকল ধরনের সহায়তা প্রদান করার নির্দেশ প্রধান উপদেষ্টা দিয়েছেন। নির্বাচনের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রতিটি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।