Ridge Bangla

লন্ডনে বাংলাদেশ হাই কমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার

সরকার যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার করেছে। শনিবার (৭ মার্চ) রাতে কমনওয়েলথের মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে লন্ডনে পৌঁছে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

হুমায়ুন কবির সাংবাদিকদের সিলেটি আঞ্চলিক ভাষায় বলেন, একটা সুখবর আছে, হাই কমিশনার লন্ডনে এতদিন ‘ডিভাইসিস বিহেভিয়ারে-কনডাক্টে কমিউনিটিকে ডিভাইড’ করে রাখছে। যে আওয়ামী করণ করছে এই হাই কমিশনকে, আওয়ামী করণের ধান্ধা নিয়া চলছে, কমিউনিটির ধান্ধা নাই, বাংলাদেশের ইন্টারেস্ট দেখে না, এই হাই কমিশনারকে প্রত্যাহার করা হয়েছে।

এরপর তিনি ইংরেজিতে বলেন, হাই কমিশনার আবিদা ইসলাম হ্যাজ বিন রিমুভড ফ্রম হার পোস্ট।

বিএনপি সরকার গঠনের পর এই প্রথম কোনো বিদেশি মিশনের প্রধানের দায়িত্বে পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হলো।

উল্লেখ্য, প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ২০২৫ সালের জানুয়ারিতে আবিদা ইসলামকে লন্ডনে হাই কমিশনার হিসেবে নিয়োগ দেয়।

আবিদা ইসলাম বিসিএস ১৫ ব্যাচের কর্মকর্তা। এর আগে তিনি মেক্সিকোতে বাংলাদেশের ১ম নারী রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। মেক্সিকোর আগে তিনি দক্ষিণ কোরিয়ায় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বে ছিলেন। এছাড়া কলকাতায় বাংলাদেশের প্রথম নারী ডেপুটি হাইকমিশনার হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।

This post was viewed: 3

আরো পড়ুন