Ridge Bangla

লকডাউন’ ঘিরে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে রাজধানী ঢাকাসহ দেশজুড়ে উত্তেজনা বিরাজ করছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, গত ১১ দিনে রাজধানীতে ১৫টি স্থানে ১৭টি ককটেল বিস্ফোরণ এবং গত দুই দিনে ৯টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আতঙ্ক ও কৌতূহল ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে।

সরকার জানিয়েছে, নাশকতা ঠেকাতে রাজধানীজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ যৌথ টহল দিচ্ছে। ডিএমপি কমিশনার বলেন, লকডাউন নিয়ে আতঙ্কের কিছু নেই। আমরা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত।

অন্যদিকে বিএনপি, জামায়াতে ইসলামীসহ ফ্যাসিবাদবিরোধী জোট দলগুলো লকডাউন প্রতিরোধে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে। বিশ্লেষকদের মতে, নিষিদ্ধ দলের এ কর্মসূচি মূলত অন্তর্বর্তী সরকারের প্রতি এক রাজনৈতিক চ্যালেঞ্জ এবং নিজেদের শক্তি প্রদর্শনের কৌশল।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। বর্তমানে শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত হয়ে ভারতে পলাতক রয়েছেন। এদিকে সাম্প্রতিক সহিংসতা ও অগ্নিসংযোগে জনমনে আশঙ্কা তৈরি হলেও সরকার বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। রাজধানীর প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

This post was viewed: 29

আরো পড়ুন