র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সংস্থাটির নতুন নাম নির্ধারণ করা হয়েছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)’। প্রয়োজনীয় অনুমোদন শেষে শিগগিরই নতুন নামে বাহিনীর কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে সরকার।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, র্যাবের নাম পরিবর্তনের সুপারিশ গৃহীত হয়েছে এবং প্রধান উপদেষ্টা তা অনুমোদন দিয়েছেন। আনুষ্ঠানিক আদেশ জারির পর থেকেই বাহিনী ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)’ নামে কার্যক্রম পরিচালনা করবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, নাম পরিবর্তনের পাশাপাশি বাহিনীর পোশাকেও পরিবর্তন আনা হচ্ছে। নতুন পোশাক তৈরির কাজ ইতোমধ্যে শুরু হয়েছে এবং আগামী সপ্তাহেই সদস্যদের নতুন ইউনিফর্মে দেখা যেতে পারে। তাঁর ভাষায়, গত দেড় বছরে র্যাবের কার্যক্রমে গুণগত পরিবর্তন এসেছে এবং বাহিনীর ভাবমূর্তি নতুনভাবে উপস্থাপনের লক্ষ্যেই এই নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) তাদের কিছু উদ্বেগের কথা জানিয়েছে। তবে বর্তমানে পুলিশের মনোবল ও কর্মক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ কারণে আসন্ন জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের সমস্যা হবে না বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আল্লাহ চাইলে নির্বাচন খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে কারও কোনো সন্দেহ থাকার কারণ নেই।” তিনি আশ্বাস দেন, নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও উৎসবমুখর পরিবেশে।