চট্টগ্রামের আনোয়ারায় র্যাবের একটি তল্লাশিচৌকি দেখে পালানোর চেষ্টা করেন দুই নারী। সন্দেহ হলে তাদের আটক করে তল্লাশি চালায় র্যাব। তল্লাশিতে তাদের কাছ থেকে ১৭ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ সেতুসংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। শুক্রবার তাদের আটক করা হলেও আজ শনিবার সকালে এক বিবৃতির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব।
র্যাব-৭ সূত্রে জানা যায়, ওই এলাকায় অভিযান চলাকালে একটি যাত্রীবাহী অটোরিকশায় থাকা দুই নারী র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে দ্রুত অটোরিকশা থেকে নেমে স্থান ত্যাগ করার চেষ্টা করেন। সন্দেহ হলে তাৎক্ষণিক ধাওয়া করে তাদের আটক করা হয়।
আটকের পর তাদের দেহ তল্লাশি করে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৭ হাজার ৬০০ পিস ইয়াবা জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার পাশাপাশি তাদের সঙ্গে থাকা নগদ অর্থ ও দুটি মুঠোফোনও জব্দ করা হয়েছে।
আটককৃত দুই নারী হলেন কক্সবাজার সদর ইউনিয়নের টেকনাইফ্যা পাহাড় এলাকার ছবুরা খাতুন (৪৮) ও একই এলাকার রহিমা বেগম (২৮)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত ছিলেন।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের উৎস ও এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের খুঁজে বের করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।