Ridge Bangla

রোহিঙ্গা ও স্থানীয়দের সহায়তায় এডিবির ৮.৬৭ কোটি ডলারের অর্থায়ন অনুমোদন

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠী এবং তাদের আশ্রয়দাতা স্থানীয়দের জন্য জরুরি অবকাঠামো উন্নয়ন ও মৌলিক সেবা সম্প্রসারণে ৮ কোটি ৬৭ লাখ মার্কিন ডলার অর্থায়ন অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার (২৪ জুন) এডিবির ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ১ হাজার ৬০ কোটি টাকা (প্রতি ডলার ১২২ দশমিক ২২ টাকা ধরে)। এই অর্থের মধ্যে ৫ কোটি ৮৬ লাখ ডলার অনুদান এবং ২ কোটি ৮১ লাখ ডলার সহজ শর্তে ঋণ হিসেবে দেওয়া হবে। অর্থটি এডিবির ‘এশিয়ান ডেভেলপমেন্ট ফান্ড (এডিএফ)’ থেকে আসবে, যা দরিদ্র ও ঝুঁকিপূর্ণ সদস্য দেশগুলোর জন্য নির্ধারিত একটি বিশেষ তহবিল।

‘ইন্টিগ্রেটেড সার্ভিসেস অ্যান্ড লাইভলিহুড ফর ডিসপ্লেসড পিপল ফ্রম মিয়ানমার অ্যান্ড হোস্ট কমিউনিটিস ইমপ্রুভমেন্ট প্রজেক্ট’ শীর্ষক এই প্রকল্পের আওতায় কক্সবাজার ও ভাসানচরে বসবাসরত রোহিঙ্গা এবং স্থানীয় জনগণের জন্য পানি, স্যানিটেশন, স্বাস্থ্য, সড়ক ও সেতু, খাদ্য নিরাপত্তা, নিরাপত্তা ব্যবস্থা এবং দুর্যোগ সহনশীলতার মতো মৌলিক সেবা সম্প্রসারণ করা হবে।

প্রকল্প বাস্তবায়নে দুই অঞ্চলভিত্তিক পৃথক কৌশল নেওয়া হবে, যাতে স্থানীয় চাহিদা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করা যায়। এতে স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, যোগাযোগব্যবস্থা ও পরিষেবায় প্রবেশাধিকার বাড়ানোর পাশাপাশি সরকারি প্রকল্প ব্যবস্থাপনার দক্ষতাও বাড়বে।

This post was viewed: 50

আরো পড়ুন