Ridge Bangla

রোববার শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর রাজনৈতিক সমঝোতা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করতে তারেক রহমান রোববার সাক্ষাৎ করবেন ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে। এজন্য আগামীকাল তাদের বাসভবনে যাওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যানের।

নির্বাচনের ফলাফল অনুযায়ী, ২৯৭টি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এককভাবে জয় পেয়েছে ২০৯টি আসনে। জোটের শরিক দলগুলো আরও তিনটি আসনে বিজয়ী হওয়ায় আগামী জাতীয় সংসদে বিএনপি নেতৃত্বাধীন জোটের মোট আসনসংখ্যা দাঁড়িয়েছে ২১২। এছাড়া আরও দুটি আসনে বিএনপি প্রার্থীদের জয়লাভের সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এবারের নির্বাচনে প্রথমবারের মতো অংশ নিয়ে ঢাকা ও বগুড়া থেকে দুটি আসনে জয়ী হয়েছেন তারেক রহমান। বিপুল ব্যবধানে বিজয়ের পর তাকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, তার নেতৃত্বে বিএনপির এ বিজয় গণতান্ত্রিক উত্তরণের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

উল্লেখ্য, এর আগে ২০০১ সালে চারদলীয় জোটের অধীনে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে ১৯৩টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করেছিল। সে সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন দলের প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া।

This post was viewed: 3

আরো পড়ুন