জুলাই–আগস্ট আন্দোলনে প্রাণ হারানো অজ্ঞাত ১৮২ শহীদের মরদেহ উত্তোলন প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী রোববার (৭ ডিসেম্বর)। রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার কবরস্থানে দাফন করা এই শহীদদের ডিএনএ নমুনা সংগ্রহের দায়িত্ব নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ দিন থেকেই আনুষ্ঠানিকভাবে নমুনা সংগ্রহের কাজ শুরু করবে সংস্থাটি।
ফরেনসিক বিশেষজ্ঞ ড. লুইস ফন্ডেব্রিডার, সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে উত্তোলন কার্যক্রম উদ্বোধন করবেন। এর আগে, গত ২ ডিসেম্বর সিআইডি কর্মকর্তারা রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে অজ্ঞাত শহীদদের কবর পরিদর্শন করেন।
গত ৪ আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পুলিশের আবেদনের প্রেক্ষিতে মরদেহ উত্তোলনের নির্দেশ দেন। পুলিশের পক্ষ থেকে আদালতে আবেদনটি করেন মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মাহিদুল ইসলাম। আবেদনে উল্লেখ করা হয়, কোটা সংস্কার আন্দোলন থেকে সৃষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন বয়সের নারী–পুরুষ জীবন উৎসর্গ করেছেন।
এদিকে সিআইডির ফরেনসিক ইউনিট জানায়, কবরস্থান এলাকায় অস্থায়ী তাঁবু স্থাপন করা হয়েছে। মরদেহ উত্তোলনের পর সেখানেই ময়নাতদন্তসহ প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করা হবে। পরীক্ষা–নিরীক্ষা শেষে মরদেহ পুনরায় যথাযথ সম্মানের সঙ্গে দাফন করা হবে।