নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি বেসরকারি স্কুলে রাতের আঁধারে চুরির ঘটনা ঘটেছে। অফিস কক্ষের তালা ভেঙে নগদ অর্থ ও গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে গেছে দুর্বৃত্তরা। কায়েতপাড়া ইউনিয়নের খামারপাড়া এলাকায় অবস্থিত ব্রাইট শিশু কানন হাইস্কুলে রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।
প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, সোমবার সকালে এক সহকারী শিক্ষক স্কুলে এসে অফিস কক্ষের দরজার তালা ভাঙা দেখতে পান। পরে অন্য শিক্ষকদের খবর দেওয়া হলে কক্ষে ঢুকে দেখা যায়, আসবাবপত্র এলোমেলো এবং আলমারি ভাঙা অবস্থায় রয়েছে।
স্কুল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, আলমারিতে রাখা গুরুত্বপূর্ণ কাগজপত্র, শিক্ষা-সংশ্লিষ্ট বিভিন্ন সামগ্রী এবং খাতা-ডায়েরি বিক্রির অর্থসহ শিক্ষার্থীদের ভর্তি বাবদ জমা রাখা মোট ১ লাখ ২৭ হাজার টাকা চুরি হয়েছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাবজেল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।