সাধারণ মানুষের চলাচলের রাস্তা বন্ধ রেখে নিজে যাতায়াতের অভিযোগে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার নাজমুল করিম খানকে দুই মাস আগে পদ থেকে প্রত্যাহার করা হয়েছিল। এবার তাকে সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছে সরকার।
সোমবার (১০ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি কর্তৃক স্বাক্ষরিত পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, গাজীপুর মহানগর পুলিশের কমিশনার (যিনি বর্তমানে পুলিশ সদর দপ্তরে প্রত্যাহার অবস্থায় আছেন) মো. নাজমুল করিম খানকে জনস্বার্থে সরকারি দায়িত্ব থেকে বিরত রাখা প্রয়োজন বলে বিবেচিত হয়েছে। সে অনুযায়ী, সরকারি চাকরি আইনের বিধান অনুসারে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বরখাস্তকালীন সময়ে নাজমুল করিম খান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত থাকবেন এবং নিয়ম অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
চলতি বছরের আগস্টে এক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, কমিশনার ড. নাজমুল করিম খান অফিসে যাওয়া-আসার সময় রাস্তা বন্ধ রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটান। বিষয়টি প্রকাশ্যে আসার পর ব্যাপক সমালোচনার মুখে পড়ে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়।
পরবর্তীতে, ১ সেপ্টেম্বর পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত এক আদেশে তাকে জিএমপি কমিশনারের দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে যোগদানের নির্দেশ দেওয়া হয়।