একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সাক্ষাৎকারকে ঘিরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে শপথ ভঙ্গের অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ অভিযোগ করেন।
বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রপতি তার সাম্প্রতিক সাক্ষাৎকারে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিভিন্ন বিষয় জনসমক্ষে প্রকাশ করে সাংবিধানিক শপথ ভঙ্গ করেছেন। দলটির দাবি, রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত ব্যক্তির বক্তব্য ও পদক্ষেপ জাতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং তা শপথ ও গোপনীয়তার সঙ্গে সম্পৃক্ত।
সাম্প্রতিক ওই সাক্ষাৎকারে রাষ্ট্রপতি অভিযোগ করেন, তাকে অসাংবিধানিক উপায়ে অপসারণের চেষ্টা করেছিল তৎকালীন অন্তর্বর্তী সরকার এবং সে সময় তাকে নানাভাবে অপদস্থ করা হয়। তিনি আরও উল্লেখ করেন, বিএনপি ওই সময়ে তাকে সমর্থন করেছিল।
জামায়াতের বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রপতির এ ধরনের বক্তব্য জাতির সামনে নতুন বিতর্ক ও অনিশ্চয়তার জন্ম দিয়েছে। সংবিধান, রাষ্ট্রীয় শপথ ও সাংবিধানিক ধারাবাহিকতার প্রশ্নে তিনি জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলেছেন বলে অভিযোগ করা হয়।
মিয়া গোলাম পরওয়ার বলেন, রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সাংবিধানিক শালীনতা বজায় রাখা প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তির কর্তব্য। রাষ্ট্রপতিকে সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়ে তিনি রাষ্ট্রের মর্যাদা ও স্থিতিশীলতা রক্ষায় আরও সতর্ক থাকার দাবি জানান।