Ridge Bangla

রাষ্ট্রপতির প্রেস উইংয়ে উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পদে নিয়োগ

রাষ্ট্রপতির প্রেস উইংয়ে উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পদে নতুন করে দুজন কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে সরকার। এ পদ দুটিতে তথ্য ক্যাডারের দুজন কর্মকর্তাকে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য কর্মকর্তা মোল্লা আহমদ কুতুবুদ-দ্বীনকে প্রেষণে রাষ্ট্রপতির উপপ্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে তার চাকরি রাষ্ট্রপতির কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

একই আদেশে তথ্য অধিদপ্তরের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা এস এম রাহাত হাসনাতকে রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। তার চাকরিও প্রেষণে রাষ্ট্রপতির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

বর্তমানে সচিব পদমর্যাদায় মো. সরওয়ার আলম রাষ্ট্রপতির সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রপতির প্রেস উইংয়ের সব কর্মকর্তাকে প্রত্যাহার করে। পরবর্তীতে বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রপতির পূর্বের প্রেস সচিব সরওয়ার আলমকে পুনরায় একই পদে নিয়োগ দেয়।

এছাড়া পৃথক আরেকটি আদেশে কমডোর মো. আসাদুজ্জামানকে জাতীয় সংসদ সচিবালয়ের সার্জেন্ট অ্যাট আর্মস হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং তার চাকরি সংসদ সচিবালয়ে ন্যস্ত করা হয়েছে। অন্যদিকে, বর্তমান সার্জেন্ট অ্যাট আর্মস কমডোর মো. রাশেদ সাত্তারকে নৌবাহিনীতে প্রত্যাবর্তনের জন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

This post was viewed: 2

আরো পড়ুন