বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর এবারের আসরের প্রথম কোয়ালিফায়ারে রাজশাহীকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে চট্টগ্রাম রয়্যালস।
মঙ্গলবার (২০ জানুয়ারি) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হয় রাজশাহী ও চট্টগ্রাম। টসে জিতে আগে ব্যাট করতে নামে রাজশাহী ওয়ারিয়র্স। নির্ধারিত ২০ ওভারে ১৩৩ রানে অলআউট হয়ে যায় রাজশাহী। ১৩৪ রানের লক্ষ্যে ৩ বল ও ৬ উইকেট হাতে রেখেই লক্ষ্য পেরিয়ে যায় চট্টগ্রাম রয়্যালস। এর মধ্য দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ দল রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে শেখ মেহেদি হাসানের নেতৃত্বাধীন চট্টগ্রাম।
৯ বলে অপরাজিত ১৯ রানের ইনিংসে চট্টগ্রামকে ফাইনালে তুলেছেন অধিনায়ক মেহেদি হাসান। এর আগে বল হাতেও ২ উইকেট নিয়েছেন তিনি। প্রথমে ব্যাট করা রাজশাহীর ওপেনার তানজিদ হাসান তামিম দলের হয়ে ৩৭ বলে তিন চার ও এক ছক্কায় সর্বোচ্চ ৪১ রান করেন। শেষদিকে তিন ছক্কায় ১৫ বলে ৩২ রান করেন আব্দুল গাফফার সাকলাইন।
১৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চট্টগ্রামের শুরুটা ধীরগতির হলেও ওপেনিং জুটিতে মির্জা বেগ ও কোটি টাকার নাঈম শেখ উড়ন্ত সূচনা করে ৭০ বলে তোলেন ৬৪ রান। তিন বাউন্ডারিতে ৩৮ বলে ৩০ রান করে নাঈম ফেরার মাধ্যমে জুটি ভাঙে।
চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ ৪৫ রানের ইনিংস খেলেছেন মির্জা বেগ, যেখানে চারটি বাউন্ডারি ছিল। হাছান নওয়াজ ১৪ বলে ২০ ও আসিফ আলি ৮ বলে ১১ রান করে ফিরলেও জয় তুলে মাঠ থেকে ওঠেন অধিনায়ক শেখ মেহেদি।
রাজশাহী অবশ্য এখনও বাদ পড়ছে না। আগামীকাল বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়র্স। সেই ম্যাচে যারা জিতবে, তারা শুক্রবার বিপিএলের ফাইনালে চট্টগ্রামের মুখোমুখি হবে।