Ridge Bangla

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু ১৩ নভেম্বর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৩ নভেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে এই সংলাপের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে কমিশন।

রোববার (৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, নিবন্ধিত সব রাজনৈতিক দলকেই সংলাপে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হবে। সিনিয়র সচিব জানান, নিবন্ধিত দল হিসেবে জাতীয় পার্টির সঙ্গেও সংলাপে বসার সম্ভাবনা রয়েছে। নির্বাচনকে সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে, ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক বলেন, ১৩ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করার সিদ্ধান্ত হয়েছে। সকাল ও বিকেলে দুই বেলা সংলাপ অনুষ্ঠিত হবে। তিনি আরও জানান, কোন দলের সঙ্গে কোন সময় বসা হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সূচি নির্ধারিত হয়নি। তবে ক্রমানুসারে নিবন্ধিত দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চলবে।

ইসি সূত্রে জানা গেছে, সংলাপে অংশ নেওয়া দলগুলো নির্বাচনকালীন প্রশাসন, ভোটগ্রহণের স্বচ্ছতা, প্রযুক্তির ব্যবহার, পর্যবেক্ষক নিয়োগ এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তাদের মতামত তুলে ধরবে।

This post was viewed: 24

আরো পড়ুন