রাজধানীর মগবাজারে দুর্বৃত্তদের ছোড়া বোমার বিস্ফোরণে সিয়াম নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় মগবাজার মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের সামনে ফ্লাইওভারের নিচে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে হঠাৎ ফ্লাইওভারের ওপর থেকে নিচে একটি বোমা নিক্ষেপ করা হয়। মুহূর্তের মধ্যেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং ঘটনাস্থলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে সিয়াম গুরুতর আহত হন। তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের স্বজনরা জানান, সিয়াম একটি বেসরকারি কারখানায় কর্মরত ছিলেন। ঘটনার সময় তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন। প্রথমে তার পরিচয় নিশ্চিত করা না গেলেও পরে পরিবারের সদস্যরা এসে মরদেহ শনাক্ত করেন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। বোমা হামলার পরপরই দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ফ্লাইওভারের ওপর থেকে বোমাটি নিচে নিক্ষেপ করা হয়েছে। বোমা হামলার উদ্দেশ্য ও পেছনের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।