রাজধানীর তেজগাঁও ও সায়েন্স ল্যাব এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাতে ঘটে যাওয়া এসব দুর্ঘটনায় নিহতদের মধ্যে বাবা-মেয়েও রয়েছেন। ঘটনাগুলোতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সায়েন্স ল্যাব মোড়ে এক দুর্ঘটনায় গণপূর্ত অধিদপ্তরের অফিস সহায়ক সাজু আহমেদ সুমন (৪৫) এবং তার মেয়ে সুমাইয়া আহমেদ তৃষা (১৯) নিহত হন। পরিবার সূত্রে জানা যায়, ঈদকে সামনে রেখে কেনাকাটা করতে মেয়েকে নিয়ে বের হয়েছিলেন সুমন। কেনাকাটা শেষে রাত ৯টার দিকে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন তারা। সায়েন্স ল্যাব মোড়ে পৌঁছালে একটি বালুবাহী ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সুমনের মৃত্যু হয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তার মেয়েকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
অন্যদিকে একই রাতে তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে আরেকটি দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার চালক মো. আলিম (৪০) ও যাত্রী মো. হারুনর রশিদ সানি (৩২) নিহত হন। জানা যায়, হারুনর রশিদ ঈদের কেনাকাটা শেষে পরিবারের সদস্যদের নিয়ে অটোরিকশায় বাসায় ফিরছিলেন। এ সময় ইউটার্ন নিতে গিয়ে অটোরিকশাটি আইল্যান্ডে সজোরে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।