Ridge Bangla

রাজধানীতে ঈদুল ফিতর উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ মিছিল

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ঈদ আনন্দ মিছিল। শনিবার (২১ মার্চ) জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত শেষ হওয়ার পর সকাল ১০টায় এ মিছিল শুরু হয়।

হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এ আনন্দ মিছিলে হাজারো মানুষ অংশ নেন। শিশু, নারী ও বিভিন্ন বয়সী এবং শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

ঈদ উপলক্ষে রাজধানীতে তিন দিনব্যাপী উৎসব কর্মসূচির অংশ হিসেবে এই বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয়। সকাল থেকেই হাইকোর্ট ও আশপাশের এলাকায় মুসল্লি ও দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায়।

মিছিলে ঐতিহ্যবাহী সংস্কৃতির অংশ হিসেবে সজ্জিত হাতি-ঘোড়া প্রদর্শন এবং ঢোল-তবলা বাজনার আয়োজন ছিল, যা অংশগ্রহণকারীদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস সৃষ্টি করে।

মিছিলটি হাইকোর্ট এলাকা থেকে শুরু হয়ে শাহবাগ মোড় হয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে গিয়ে শেষ হয়। পুরো রুটজুড়ে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসবমুখর পরিবেশ দেখা যায়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, “ঈদ আনন্দ মিছিল উদযাপন কমিটি-২০২৬” এ আয়োজন বাস্তবায়ন করে। এতে নেতৃত্ব দেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

This post was viewed: 3

আরো পড়ুন