রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরও ৩৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১০ নভেম্বর) ডিবি থেকে খুদে বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
ডিবি সূত্র জানায়, রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল আয়োজনের পরিকল্পনা, অর্থায়ন ও অংশগ্রহণের অভিযোগে এসব নেতা-কর্মীকে আটক করা হয়েছে। যদিও গ্রেপ্তারদের নাম-পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।
এর আগে গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন থানায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। ডিবি জানিয়েছে, এসব অভিযান নাশকতা রোধ এবং রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার অংশ হিসেবে নেওয়া হয়েছে।
ডিবি কর্মকর্তারা বলেন, আমরা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অশান্তি ও অস্থিতিশীলতার ঝুঁকি কমাতে সতর্ক অবস্থান নিয়েছি। প্রয়োজনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রাজধানীতে রাজনৈতিক অস্থিতিশীলতার আশঙ্কা এবং সম্প্রতি অনুষ্ঠিত বিভিন্ন বিক্ষোভ ও ঝটিকা মিছিলকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নজরদারি চালাচ্ছে। ডিবি কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।