বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, আসন্ন রমজান মাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, বিদ্যুৎ মন্ত্রণালয়ের এখন প্রধান দায়িত্ব হলো রমজান মাসে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ শহরের হোসেনপুর এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, কৃষি সেচ মৌসুম ও গ্রীষ্মকালীন সময় সামাল দেওয়া বেশ চ্যালেঞ্জিং হলেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।
তিনি বলেন, বিদ্যুৎ সরবরাহ একটি প্রযুক্তিনির্ভর ব্যবস্থা। মাঝে মাঝে কারিগরি ত্রুটির কারণে সাময়িক বিঘ্ন ঘটতে পারে। তবে অধিকাংশ সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে মন্ত্রণালয় সচেষ্ট রয়েছে। বিদ্যুৎ খাতে পূর্ববর্তী বকেয়া পরিশোধ এবং জ্বালানি আমদানির বিষয়টি বর্তমানে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে দুই দিনের সরকারি সফরে সিরাজগঞ্জে পৌঁছালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়।