Ridge Bangla

যৌথ বাহিনীর অভিযানে আটক ব্যক্তির মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে আটক এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। মঙ্গলবার (১৩ জানুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

আইএসপিআরের তথ্যমতে, সোমবার (১২ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধারের উদ্দেশ্যে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় যৌথ বাহিনীর একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসংলগ্ন একটি ফার্মেসি দোকান থেকে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মো. শামসুজ্জামান ওরফে ডাবলু (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

পরবর্তীতে আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে ওই ফার্মেসিতে তল্লাশি চালিয়ে একটি ৯ মিলিমিটার পিস্তল, একটি ম্যাগাজিন এবং চার রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আইএসপিআর জানায়, অভিযান শেষে আটক ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাত আনুমানিক ১২টা ২৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই সংশ্লিষ্ট ক্যাম্পের ক্যাম্প কমান্ডারসহ অভিযানে অংশ নেওয়া সব সেনা সদস্যকে সেনানিবাসে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

This post was viewed: 18

আরো পড়ুন