দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবরকোন্ডার সম্পর্ক নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। বহুদিন ধরেই তাদের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। গত অক্টোবরেই খবর ছড়ায়, আগামী বছরের ফেব্রুয়ারিতে তাদের বিয়ে হতে পারে। যদিও এখনো কেউ আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি।
তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে রাশমিকা প্রথমবারের মতো খোলাখুলি জানিয়েছেন, তিনি সত্যিই বিজয়কেই জীবনসঙ্গী হিসেবে দেখতে চান। শুধু তাই নয়, কেন বিজয়কে বেছে নিয়েছেন, তার কারণও ব্যাখ্যা করেছেন তিনি।
রাশমিকা বলেন, “আমি এমন একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে চাই, যিনি আমাকে গভীরভাবে বুঝতে পারেন। শুধু কথার বোঝাপড়া নয়, জীবনের প্রতিটি দিক থেকে আমাকে উপলব্ধি করতে পারেন। বিজয়ের মধ্যে আমি সেই গভীরতা ও বোঝাপড়ার গুণ খুঁজে পেয়েছি।”
তিনি আরও বলেন, “বিজয় খুব শান্ত, আত্মবিশ্বাসী এবং পরিণত মানসিকতার মানুষ। সে কখনো অযথা কথা বলে না, কিন্তু যখন বলে তা হৃদয় ছুঁয়ে যায়। এই গুণটাই আমাকে তার প্রতি টানে।”
অভিনেত্রী জানান, কাজের ব্যস্ততার মাঝেও তারা একে অপরের সময়কে মূল্য দেন এবং পরস্পরের পেশাগত জীবনে সর্বদা সমর্থন জোগান। রাশমিকার ভাষায়, “আমরা দুজনেই নিজেদের কাজ ভালোবাসি, কিন্তু একইসঙ্গে ব্যক্তিগত জীবনকেও গুরুত্ব দিতে জানি। সেই ভারসাম্যই আমাদের সম্পর্ককে দৃঢ় করেছে।”